অভিনেতা
শুভজিৎ মান্না,
দক্ষিণ ২৪ পরগনা
হ্যাঁ আমি অভিনেতা হতে চাই
যে অভিনয় কান্না ভুলে হাসতে শেখায়
যে অভিনয় ক্লান্তি ভুলে দায়িত্বের পথ দেখায়
অভাব ভুলিয়ে রাজা সুলভ ভাব দেখায়
ক্রোধের মাঝেও ধৈর্যের লাগাম লাগায়
আমি সেই অভিনেতা হতে চাই!
সে মঞ্চে আমি একাই একশো
আমি লিওনার্দো; আমি পিকাসো;
আমি নিজেই নিজের ছবি আঁকি
ওই যে আয়না আমি তাকেও দিই ফাঁকি!
আমি চিরাচরিত প্রথার কিছু পরিবর্তন চাই-
আমি তেমন অভিনেতা হতে চাই!
আমি হাস্য বদনে অশ্রু লুকাই,
আমার বক্ষ মাঝে দুঃখ বোঝাই,
ওই দুশ্চিন্তার চড়াই উতরাই-
তাতে শান্তির বাণী করবো খোদাই!
আমি দুধে জলে মিশে একাকার হয়ে যাই,
আমি নিপুন এক অভিনেতা হতে চাই!
যখন মেকআপ গলে বেরোবে স্বরূপ-
কত মন মরা, কতই বীরূপ
হৃদয় ভরা দুঃখের কূপ
মরণ পুরীতে সুগন্ধি ধূপ!
আমি বাস্তবকে যে দেখাতে চাই না আর,
এই সত্য; এই প্রকৃত; এই যে বিশ্রী; এ দুর্নিবার!
আমি এক্ষুনি সব উড়িয়ে দিতে চাই,
হ্যাঁ হ্যাঁ আমি এক অভিনেতা হতে চাই!
আমি এক অভিনেতা হতে চাই!!