অঘ্রাণ
ঝর্ণা সরদার,
নিউ-দিল্লি
আবার এসেছে অঘ্রাণ
পাতার চিবুক ছুঁয়ে কুয়াশার আদর
ফুলেদের সখ্যতা দেখে
হৃদয় টা কেমন বিবর্ণ হয়ে গেল ।
এমনি এক অঘ্রাণের হাল্কা কুয়াশা মাখা
নরম বিকেলে তুমি এসেছিলে
চোখের মেদুরতায় ডুবে গিয়েছিলাম
হাল্কা রোদের আলতো আদর
ছড়িয়ে দিয়েছিলে হৃদয় জুড়ে।
আজ ও অঘ্রাণ এসেছে
পাশের মাঠে ফসলের রামধনু খেলছে
খেজুর গাছে কেউ বা মাটির হাঁড়ি বাঁধছে
পায়রাগুলো উঠোন জুড়ে ধান খাচ্ছে
হাতের তালুতে সকালের মিঠে রোদ
আদর মাখাচ্ছে।
সব আছে ঠিক আগের ই মত ,তবে
যে অঘ্রাণে তুমি ভীষণ ভাবে ছিলে
আজ সেই অঘ্রাণে তুমি তেমন করেই
ভীষণ ভাবেই নেই।