আলুর পায়েস
সোমা গুপ্ত,
নৈহাটি, পশ্চিমবঙ্গ
চালের পায়েস, সেমাইয়ের পায়েস, ছানার পায়েস, কচি লাউয়ের পায়েস,
ইত্যাদি কতকিছুর পায়েসই তো আমরা খেয়েছি কিন্তু আজকে আমরা একটা একেবারে
অন্যরকম উপকরণের পায়েস বানাবো। এই রেসিপিটা আমার মায়ের। আমরা যখন ছোট
ছিলাম আমার মায়ের যখন তখন একটু মিষ্টি কিছু রান্না করতে ইচ্ছে করলেই এই
রেসিপিটা বানাতেন। আসলে হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে
যায় এই পায়েস।
আলু এমনই এক সবজি যা সারা বিশ্বের মানুষ খেতে পছন্দ করেন এবং বাঙালির
রান্নাঘরে আলুর ব্যবহার বহুল। ঝোলে ঝালে অম্বলে ভাতে পোড়া ভাজা
সবকিছুতেই প্রায় আলুর ব্যবহার করা যায়।
কিন্তু আমরা আজকে এখানে আলুর একটা নতুন ধরনের পদ রান্নার চেষ্টা করেছি
যেটা সচরাচর খুব কম মানুষই জানেন। আসুন উপভোগ করি আলুর পায়েস।
উপকরণ:-
আলু মাঝারি মাপের চারটে,
দুধ এক লিটার,
চিনি,
ঘি,
এক চিমটি নুন,
তেজপাতা চারটে,
ছোট এলাচ তিন / চারটে।
প্রনালী:-
প্রথমে চারটে আলু খুব সরু সরু করে কেটে নিতে হবে ।এরপর ভালো করে ধুয়ে জল
ঝরিয়ে নিতে হবে ।তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিতে হবে।ঘি গরম হয়ে
গেলে তাতে জল ঝরানো আলু দিতে হবে।আলুটা অল্প ভেজে রেখে দিতে হবে ।
এবার ওই কড়াইতে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে ।এবার দুধের মধ্যে ভেজে
রাখা আলু ,তেজপাতা, ছোট এলাচ আর এক চিমটি নুন দিয়ে ফুটতে দিতে হবে ।আলু
সিদ্ধ হয়ে গেলে আর দুধ ঘন হয়ে এলে আন্দাজ মতো চিনি দিতে হবে (মিষ্টি যে
যেমন পছন্দ করেন সেই মতো দেবেন)। এরপর আরো একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
ঠান্ডা হলে পরিবেশন করবেন ।
এই পায়েসটা আমার মা তৈরি করতেন। মা এতে কাজুবাদাম ,কিশমিশ কিছু দিতেন না।
তাই আমিও দিই না। আপনারা যদি মনে করেন দেবেন তাহলে দিতেই পারেন।