আকাশকুসুম

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

যেদিন আমি পাখি হয়ে
গাইবো শুধুই গান
সকাল থেকে কলতানে
অলস বেলা জুড়ে
একা একাই গাছের ডালে
বসবো উড়ে উড়ে
অকথিত অনেক আশায়
ভরবো নিজের প্রাণ ।।

আকাশকুসুম রক্তরাগে
ফুটবে মহাকাশে
চিন্তা-ভাবনা সব ছেড়েছি
স্বপ্নপদতলে
নদীতে নয়, ডুবুক তরী
এক হাঁটুর-ই জলে
ক্লান্তিশেষে স্বেদজলে
মনমুকুর ভাসে ।।

তপ্ত মাটি বৃষ্টি খেলে
গন্ধ ছাড়ে সোঁদা
শুভ কর্মে অঙ্কিত হয়
কপাল'পরে টিকা
জ্বলতে থাকা তেলফুরানো
রাত্রিপ্রদীপ শিখা
থাকতে পারে শাবক-হারা
হস্তিনী উন্মদা ?

চিরায়ত অরূপ নামক
কল্পনার-ই ধারা
অবলীলায় ফোটে মুখে
করবো বিশ্বজয়
অন্ধকারের চেয়ে বেশী
আলোয় জাগে ভয়
অচিন্তনের রাজে এমন
চিন্তা বাঁধন-হারা ।।