বছর শেষের গান
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
গাজন তলায় বাজলো রে ঢোল
আজকে মেলার শুরু,
শিবতলাতে গাইবে গাজন
মানিক হারু নিরু।
উত্তরীয় করেছে ধারণ
তিনটি দিনের তরে,
শিব গোত্র শিরোধার্য
সন্ন্যাসী সব করে।
তিনটি দিনই নির্জলাতে
থাকবে উপোস ভক্ত,
এক ফোঁটা জল পানেও মানা
ব্রত ভারি শক্ত।
পিঠের পরে বঁড়শি গেঁথে
ঝুলবে চড়ক গাছে
নগেন কাকা সন্ন্যাসী আজ
মানত শিবের কাছে।
জলাভিষেক করবে শিবের
জ্বালবে নীলের বাতি
কাঁটা, আগুন, কাতান ঝাঁপান
গাজন সারারাতি।
চড়ক দিনের সাঁঝের সময়
ব্রত ভাঙ্গার বেলা -
করবে ত্যাগ উত্তরীয়
শিব ভক্ত চেলা।
আজকে ঝাঁপান কালকে নীল
পরশু চড়ক শেষে-
ফুরিয়ে যাবে চরিত্র বেলা,
আসবে বোশেখ হেসে।
ন্যাড়াপোড়া; নিম হলুদে
সুক্ত ডালনা ঝোলে,
নব ব্যঞ্জন খাবে বাঙালি
নববর্ষ ব'লে।।