ব্যাম্বু চিকেন
শান্তনু কর,
দুবাই
প্রথমেই বলি কর্মসূত্রে আমি একজন ফ্লোরিস্ট। কিন্তু আমি সখের রাঁধুনি।
মাঝে মাঝে রান্নায় হাত লাগাতে আমার বেশ ভালই লাগে। তাই দেরি না করে চলে
আসুন আজ আমার রান্না ঘরে। ঝটপট শিখে নিন জনপ্রিয় এই রেসিপিটি।
ব্যাম্বু চিকেন পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আদি যুগে যখন
মাটির হাড়ি কড়া সহজলভ্য ছিলো না তখন একমাত্র বাঁশই ছিলো পাহাড়ি
আদিবাসীদের রান্নার পাত্র হিসেবে ভরসা। বিকল্প না থাকায় আদিবাসীরা বাঁশের
ভেতর রান্না করলেও আধুনিক কালে শহরের দামি দামি রেস্তোরায় জায়গা করে
নিয়েছে এই ব্যাম্বু চিকেন।
বাঁশে প্রচুর জল থাকে তাই আগুনে অনেসক্ষণ রান্না করা যায়। প্রায় সব
বাঁশের ভেতর রান্না করা গেলেও রান্নার সুবিধার জন্য আগেই উপযুক্ত এবং
সুবিধাজনক বাঁশ যোগার করতে হয়।
লক্ষ্য রাখতে হবে বাঁশের ভেতরে জায়গা যেন একটু বেশি থাকে। বাঁশের ভেতর
রান্না করার জন্য সবচেয়ে সুবিধাজনক বাঁশ হলো ফাঁপা বাঁশ। একটি বাঁশ
অনেকবার রান্নার কাজে ব্যবহার করা যায়। কারণ প্রতিটি বাঁশ থেকে অনেকগুলো
চোঙ পাওয়া যায়।
ব্যাম্বু চিকেন কিভাবে রান্না করতে হয়?
যেহেতু বাঁশের ভেতরে রান্নার সময় নাড়াচাড়া করার সুযোগ থাকে না তাই
চিকেন ছোট ছোট করে কাটতে হয়। মাংস, তেল, মশলা সব একসাথে মেরিনেট করে ৩০
মিনিটের জন্য রেখে দিতে হয়। বাঁশের চোঙ জল দিয়ে ভালোভাবে পরিস্কার করে
তাতে মেরিনেট করে রাখা মাংস ভরে দিতে হবে। তারপর মুখ বন্ধ করে দিয়ে
আগুনে বাঁশ পোড়াতে হবে। বাঁশ পুড়ে কালো হয়ে গেলে বুঝতে হবে রান্না
হয়ে গেছে। বাঁশ যেন একদিকে পুড়ে না যায় সেজন্য একটু পর পর ঘুরিয়ে
ঘুরিয়ে দিতে হবে।
ব্যাম্বু চিকেন রান্নার কৌশল
• হাড়ছাড়া মুরগীর মাংস ৫০০ গ্রাম
• গরম মসলা ১ টেবিল চামচ
• লেবুর রস ১ টেবিল চামচ
• ধনে গুড়ো ৩ টেবিল চামচ
• লঙ্কার গুড়ো ১ টেবিল চামচ
• আদা রসুন বাটা ১ টেবিল চামচ
• লবণ পরিমাণ মতো
• হলুদ গুড়ো ১/২ টেবিল চামচ
• ধনে পাতা কুচি স্বাদ মতো
• কাঁচালঙ্কা ২/৩ টি থাকতে পারেন
• সরষের তেল/ সাদা তেল
• কলা পাতা
• কাঁচা বাঁশের টুকরো সদ্য কাটা (৫০০ গ্রাম মুরগী ধরে এমন লম্বা)।
রন্ধন প্রণালী-
রান্নার জন্য প্রথমেই চিকেন থেকে হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
সব ধরণের মশলা মাংসের উপর ছড়িয়ে দিন। এবার লবণ যোগ করুন। সবশেষে এক টেবিল
চামচ সরষের তেল দিন। বিকল্প হিসেবে সাদা তেল ব্যবহার করতে পারেন। তবে
তেলের পরিমাণ কম ব্যবহার করতে হবে। সবকিছু যোগ করা হয়ে গেলে এবার
ভালোভাবে মাখিয়ে নিন। সব মশলা যেন মাংসের ভেতের ঢোকে সেজন্য ২০-৩০ মিনিট
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। এর মধ্যে বাঁশের চোঙ প্রস্তুত করুন। চোঙটি
পরিস্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিন। ব্যাম্বু চিকেন কি পরিমাণ রান্না
করবেন সে অনুযায়ী বাঁশ সংগ্রহ করুন। ৩০ মিনিট পর মেরিনেট করে রাখা মাংস
বাঁশের চোঙের ভেতর ভালো করে ভরে দিন। শেষে বাঁশের চোঙটি ভালোভাবে ঝাঁকিয়ে
নিন। খেয়াল রাখতে হবে চোঙের ভেতরে যেন কোন ফাঁক না থাকে। তারপর কলাপাতা
দিয়ে বাঁশের চোঙের মুখ বন্ধ করে দিতে হবে। এবার চোঙের খোলামুখ একটু উপরের
দিকে রেখে কয়লা কিংবা কাঠের আগুনে পোড়াতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে
হবে ব্যাম্বু চিকেনের বাঁশ যেন শুধু একদিকে না পুড়ে। যেদিকে বেশি পুড়বে
সেদিকের মাংস একটু বেশি সেদ্ধ হবে তাই সবদিক সমান হারে পোড়াতে হবে। সে
কারণে নির্দিষ্ট সময় পর পর চোঙটি ঘুরিয়ে দিতে হবে। বাঁশ সবদিকে সমানভাবে
পুড়ে কয়লা হয়ে গেলে উনান থেকে নামিয়ে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে আগুন
নিভিয়ে নিন। এতে বাঁশটিও দ্রুত ঠাণ্ডা হবে এবং ছাই ওড়ার সম্ভাবনাও কম
থাকবে। বাঁশ হাতে ধরার মতো ঠাণ্ডা হয়ে গেলে ভেতরের মাংস গরম গরম পরিবেশন
করুন। আশা রাখলাম সকলের ভালো লাগবে।