বেঁচে থাকাই জীবন
শুভজিৎ মান্না ,
মুকুন্দপুর, দক্ষিণ চব্বিশ পরগনা
জীবন নাকি সবচাইতে প্রিয়!
তবু লড়াই করেই বেঁচে থাকতে হয়,
সুখের খুবই অল্প পরিসর,
দুঃখ কষ্ট মেনেই নিতে হয়।
কর্তব্য আর দায়িত্বের বাঁধনে
আমরা সবাই বাঁধা জীবনভর,
ভাগ্যদোষের দোহাই দিয়েই চলি-
সান্তনাতেই পাই যে মনের জোর।
সত্য! আমরা নিজের জীবন বাঁচি?
নাকি পরিজনকে সুখে রাখতে চাই?
কর্মে ভরা জীবন কাটে শুধু
নিজের সুখের নাই পরোয়া নাই।
নিজের কথা ভাবলে অবকাশে-
স্বার্থপরের নিশান হয় খোদাই-
ভালো মানুষ হবার আশায় শুধু
নিজের কাছে বেইমান হয়ে যাই।
যদি দুঃখ সকল গরম লাভার মতো-
হৃদয় ফেটে বেরোয় কোনদিন,
তরল হয়ে চোখের কোণে জমে,
ফ্যাকাসে মুখ এ মনউদাসীন।
লড়াই করেই আমরা থাকি বেঁচে,
পরের সুখে নিজের মুখে হাসি।
সংগ্রাম আর ব্যস্ততা নিই বেছে-
তবু আমরা জীবন ভালবাসি।।