বৃষ্টি

ঝর্ণা সরদার,

নিউ-দিল্লি

অঝোর ধারায় বৃষ্টি নামুক
ধুইয়ে দিক সবার শোক
ফুলেরা সব প্রাণ ফিরে পাক
মাটির বুক শান্ত হোক

বৃষ্টি নামুক তাল তমালে
বৃষ্টি নামুক বনে
বৃষ্টি নামুক খালে বিলে
সেই মেয়েটির মনে।

বৃষ্টি আসুক আকাশ জুড়ে
ভিজুক সারা গা
পশ্চিমে মেঘের ঘনঘটা
তোরা ঘরে ফিরে যা

বৃষ্টি এলে ভয় করে খুব
চাল ফুঁড়ে পড়ে জল
বৃষ্টি এলে জোটে না ভাত
ঘরে থাকার ছল

এক বৃষ্টি স্বপ্ন বোনে
চিলেকোঠার ছাদে
এক বৃষ্টি সব যে ভাসায়
বানভাসীরা কাঁদে

তবু বৃষ্টি ভালোবাসি
প্রখর রোদের বেলা
আয় বৃষ্টি গা ছুঁয়ে যা
তোর সাথে আজ খেলা।