দয়া কর
অনুপ কুমার চট্টরাজ,
দিল্লি
পাঁচ সহস্র কাল ছিলাম নীরবে নিশ্চিন্তে
একটিও বাণ লাগেনি সুদীর্ঘ কলেবরে ।
সত্বর বহু জনপ্রাণী বেঁধেছে বাসা-নীড়
বহুকালব্যাপী আসে দলে দলে দিদৃক্ষু ভূচর।
সহেছি বহুবার হাসিমুখে ভূগর্ভের দোদুল্যমান প্রলয়
তবু প্রজ্জ্বলিত দীপশিখায় ঝকঝকে দেবালয়।
শানিত শরের আঘাতে প্রাণ আজ ওষ্ঠাগত
বাইপাস অস্ত্রপ্রচারে পথ হয় উন্মুক্ত।
বহে যায়, ক্ষিপ্ত বেগে রক্তিম প্রাণ- দায়ী,
কিন্তু সে তো ক্ষণস্থায়ী!
যত্রতত্র এখন অবিশ্রান্ত ক্ষত,
ক্ষিপ্ত বেগে ধাই, যেন উন্মত্ত ঐরাবত।
দয়া কর, বিঁধোনা এমন করে
জিজীবিষু প্রাণীর প্রবল আর্তনাদ
সকলে হব ভূমিসাৎ!
দয়া কর।