দেবীপক্ষ

জয়তী ব্যানার্জী মুখার্জী,

কলকাতা

সাদা মেঘের ভেলা ভাসিয়ে এলো আশ্বিন মাস,
তার ই সাথে খোলা মাঠে দোদুল দোলে কাশ।
শরতের এই মিঠে রোদ জাগায় নতুন আলো,
নতুন আশার প্রদীপ জেলে ঘোচায় সব কালো।
একটি বছর পর হবে মায়ের ফিরে আসা,
তাই নিয়ে স্বপ্ন দেখে খুশির জোয়ারে ভাসা।
চারটে দিন শেখায় মোদের নতুন করে বাঁচতে,
নতুন হাসি নতুন গান আর নতুন সাজে সাজতে।
প্রথমেই হয় গঙ্গা নিমন্ত্রণ ও কলাবউ স্নান,
মায়ের আরাধনা করি মোরা দিয়ে মন প্রাণ।
পাড়ায় পাড়ায় অষ্টমীর অঞ্জলি ও নবমীর ভোগ,
নতুন করে তৈরী করে আবার যোগাযোগ।
নবমীর আরতির পর বসে ধুনুচি নাচের আসর,
একই সাথে বাজতে থাকে ঢাক ঘণ্টা কাঁসর।
ঘনিয়ে আসে বিদায় বেলা, এবার হবে সিঁদুর খেলা,
বাপের বাড়ি ছেড়ে মায়ের কৈলাশ ফেরার পালা।
বিসর্জনের বাদ্যি বাজে, মন লাগে না কোনও কাজে।
আবার দেখা হবে তখন, একটি বছর কাটবে যখন।
মাগো , বছর বছর এমনি করে এসো মোদের মাঝে,
সারা বছর মোদের হৃদয়ে তোমারই সুর বাজে।।