ইলিশ মাছের লেজ ভর্তা
শান্তনু কর,
দুবাই
প্রথমেই বলি কর্মসূত্রে আমি একজন ফ্লোরিস্ট। কিন্তু আমি সখের রাঁধুনি।
মাঝে মাঝে রান্নায় হাত লাগাতে আমার বেশ ভালই লাগে। তাই দেরি না করে চলে
আসুন আজ আমার রান্না ঘরে। ঝটপট শিখে নিন জনপ্রিয় এই রেসিপিটি।
কথায় আছে মাছে ভাতে বাঙালি। অর্থাৎ ইলিশ মাছ আমরা যেমন সবাই খেতে খুবই
ভালবাসি তেমনি ইলিশ মাছের লেজ ভর্তা শুনলেই আমাদের জিভে জল চলে আসে।
কিন্তু ইলিশ মাছের লেজে কাঁটা এত বেশি থাকায় বাড়ির অনেকেই লেজ খেতে
চায় না। তাই এইভাবে বানিয়ে নেওয়ার পর আর কোনো সমস্যাই থাকবে না। ইলিশ
মাছের লেজ ভর্তা খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে
দেখুন। ইলিশ মাছের লেজ ভর্তা তার স্বাদ একটু অন্য রকমই হয়।
উপকরণ:-
৪/৫ টি ইলিশ মাছের লেজ
১ টি বড় পেঁয়াজ কুচি
৪/৫ টি শুকনো লঙ্কা
কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী
২ টি চেরা কাঁচা লঙ্কা
স্বাদ মত লবণ
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
প্রয়োজন মতো সর্ষের তেল
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
রান্নার নির্দেশ সমূহ:-
১. ইলিশ মাছের লেজ গুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ
গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পর গরম তেলে মাছগুলো ভেজে তুলে নিতে হবে।
২. তারপর মাছগুলো ঠাণ্ডা হয়ে এলে মাছের মধ্যে থাকা প্রায় সমস্ত
কাঁটাগুলো মাছের থেকে আলাদা করে রাখতে হবে। অর্থাৎ মাছগুলো হাতের
সাহায্যে বা হামলদিস্তায় আধা ভাঙ্গা করে নিতে হবে। মাছের টুকরো গুলো
ভেঙে নেওয়ার পর ছোট ছোট যে কাঁটা গুলো রয়ে গিয়েছে সেগুলি হাত দিয়ে
বেছে নিতে হবে। আজকের ভর্তার এই অংশটুকু বা এই কাজটুকু একটু ঝামেলার।
৩. ওই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রাখতে হবে।
৪. তারপর ১টি পাত্রে ভাজা শুকনো লঙ্কার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তাতে
আধা ভাঙ্গা মাছের টুকরো, পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সাথে মাছ ভেজে রাখা
তেল ও কিছুটা কাঁচা সরষের তেল একসাথে ভালো করে মিশিয়ে নিলেই ব্যস তৈরি
হয়ে গেলো ইলিশ মাছের লেজ ভর্তা। এতে আপনি চাইলে লেবুর রসও ব্যবহার করতে
পারেন। সেক্ষেত্রে কাঁচা পিঁয়াজ টা তেলে একটু হালকা করে ভেজে নিতে হবে।
৫. এবার পরিবেশনের পালা। আলাদা করে রাখা মাছের লেজের কাঁটাটা প্লেটে রেখে
মাছের ভর্তা টা তার উপরে দিয়ে উপর থেকে ২ টি চিরে রাখা কাঁচা লঙ্কা
সাজিয়ে পরিবেশন করতে পারেন অথবা লেজের কাঁটাটি বাদ দিয়ে শুধু ভর্তাটি
একটি প্লেটে সাজিয়ে দিতে পারেন।
আহা এর স্বাদে আর গন্ধে মন কেড়ে নেবে বাঙালির সেই ঐতিহ্যশালি পান্তা
ভাতে আর ভর্তা।
বি দ্রঃ :- চাইলে এটি অন্য যেকোনো মাছ ও মাছের যেকোনো অংশ দিয়ে বানাতে
পারেন।
নমস্কার বন্ধুরা খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে।