গ্রীষ্মকালীন

কৌশিক সেন,

নিউ-দিল্লি

গ্রীষ্মকাল এলে ঘুম পায় বড়
আশপাশ বরোজের মত গালাঘর
নাবিকের ভাতঘুম ভেঙে যায়
অছিলায়। আজকাল ঘাস মেশে
লাঙলফলায়। ধুয়ে যায় মাটি,
সীতার মত কোনো শাবকশরীর।

গ্রীষ্মকাল এলে তৃষ্ণা পায় বড়
শবরীর লালাঝরা ফলের বিছনে
একাকী শরীর পাতে জলের বিকার।
আদরের ঘাসপাতা পুড়ে গেলে
ছাতি পাতে কালের চাতক,
হাঁমুখ বাড়িয়ে দেয় অবতারও!

গ্রীষ্মকাল এলে কান্না পায় শুধু
স্নানে স্নানে ভিজে যায় মন্দোদরী।
স্পষ্ট হয় ঊরুজোড়া কামড়ের দাঁত
স্তনের নখরাঘাত। আশ্লেষে শালীন জীবন
পাতার পোশাকে নামে ডাহুক ডাহুকী,
বান ডাকে বিবাগী অশোকবনে।

গ্রীষ্মকাল এলে শোক পায় ভারী
স্থির হয়, দৃঢ় হয়, শক্ত হয় ভার
রাতের আকাশফুল ঝরে যায় ঝটকায়
সবুজপ্রবণ যত পাঁজরের দাগ, গলে যায়
অহল্যার মত পড়ে থাকে, প্রস্তরবৎ
ঘনীভূত হয়, অলকায় গ্রীষ্মকাল এলে...