হারিয়ে যাই

রবিন কুমার দাস ,

সালকিয়া, হাওড়া

এইতো সেদিন হারিয়ে গেলাম জুঁই, মালতির বনে
এইতো সেদিন হারিয়ে গেলাম তোমার চোখের কোনে,
থমকে গিয়েও বুঝলে নাকো মুখোমুখিটার মানে
প্রথম প্রেমকে লুকিয়ে রাখি কজনই বা সেটা জানে ।

মাঝে মাঝে তাই হারাই আমি অনেক অনেক দূরে
ইচ্ছে করেই হারাই আমি প্রাচীন সুমুদ্দুরে ,
হারিয়ে পাওয়ার নেশায় আমি খুঁজে ফিরি সেই পাহাড়
তোমার মতই মেঘ রোদ্দুর কি অপরূপ বাহার ।

মাঝে মাঝে আমি পাখির ডানায় হারাই আকাশ নীলে
জমাট বাঁধা অন্ধকারে যেমন চমকে ছিলে
মাঝে মাঝে তাই হারাই আমি জনারণ্যের ভীড়ে
তার পরেতে সন্ধে কাটাই শান্ত নদীর তীরে ।

এমনি করেই কাটাই আমার সকাল বিকেল সন্ধ্যে
অবকাশটা কাটিয়ে থাকি ধূপ ধুনোদের গন্ধে ,
একলা এখন ভালই আছি তোমার ছবি দেখে
গুমরে গুমরে কেঁদে ফেলি তাই একলা একা থেকে।