যুদ্ধ মননে - শান্তি চিন্তনে

শুভজিৎ মান্না,

দক্ষিণ ২৪ পরগনা

মুখে আওড়াই শান্তির বাণী, মনে মনে সব হিংস্র!
নাই সংযম সহ্য ক্ষমতা,,অতি সহজেই নৃশংস।
রাগ গুলো সব পুষে পুষে রাখি- খুশি করি নাকো সঞ্চয়
কিসে সুখ পাবো; সঠিক জানি না, মনে জাগে শুধু সংশয়।
সম্পর্কের বন্ধন গুলো, ভাবি ভালোবাসা জড়ানো
নিখুঁতভাবে ভাবলেই বুঝি স্বার্থই আছে লুকানো!
মনে লড়াই বাসা বাঁধে তাতে বাস করে শুধু হিংসা,
কারো প্রতি কোন সমাদর নাই, নাই কোন মীমাংসা।
সমাজের বুকে সংসার নিয়ে গড়ে তুলি পরিবার
প্রয়োজন ছাড়া মনেই করি না প্রেমে হাত ধরিবার।
ক্ষিপ্ত মনের সমষ্টি নিয়ে গড়ে তুলি মোরা দেশ,
যেখানেতে শুধু লোভ ক্রোধ আছে, কি বা তার অবশেষ!
হতে চাইলেও পান্ডবসম, সবাই কৌরব গোত্র
মহাভারতের সব অজানা, ভালো লাগে কুরুক্ষেত্র!
রোমাঞ্চে লাগে ঝগড়া ঝামেলা অন্যায় দাপাদাপি,
মহাপুরুষেরা মিথ্যা হয়েছে, আমরা হয়েছি পাপী।
যতই খুঁজি শান্তির ছায়া- পথ সব অবরুদ্ধ,
মানুষের ক্রোধ আহবান করে- আসুক বিশ্বযুদ্ধ।।