খিদে
পৃথা দাস,
নিউ-দিল্লি
খিদের পৃথিবী নিরেট গদ্যময় ,
তবে কেউ কবে যেন বলেছিল
ঝলসানো রুটির মতো চাঁদের কথাও,
তোমরা জানো না মাটির গভীর কথা
মাটির ঘাম জমা শ্রমের মুখ,
ঘটি বাটি বন্ধক দিয়ে
সব ছেড়ে ভাতের সন্ধানে,
আমরা হাজার বছর ধরে পথ হাঁটি
তাড়া করে ফেরে অসুখ আতঙ্ক
দিশাহীন
একটু নিশ্চিত আশ্রয়ের খোঁজে
হারতে থাকা অপাংক্তেয়র দল
রেল লাইনের ধারে ছেঁড়া চটি
আর রুটির টুকরো ছড়িয়ে পড়ে
শুয়ে পড়ি নিশ্চিন্তে রক্তাক্ত
কিছু বেওয়ারিশ লাশ হয়ে
পরিযায়ী মজুর কখনও
পরিযায়ী পাখি হতে পারে না ।।