কি আর করতে পারি
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
অভিমানী মন জানে সব কিছু
কোনখানে কত সুখ,
রোদের পরশে তপ্ত হৃদয়
তৃষ্ণায় উন্মুখ।
ক্লান্ত দুপুরে ছায়াপথ ধরে
নিজের আলয়ে ফেরা
আছে নিশ্চিত শান্তি সেখানে
সান্ত্বনা দিয়ে ঘেরা।
স্মৃতিগুলো যেন শাড়ীর মতোই
থাকে তোলা আলনায়
নাড়াচাড়া ক'রে জাগানো তাদের
বসে একা জানালায় ।
ভাঙা নৌকার হাবুডুবু খাওয়া
বানডাকা খরস্রোতে,
তবু ঝঞ্ঝায় বুক পেতে সে
ভেসে চলে কোনও মতে ।
লুকোচুরি খ্যালে ফালাফালা রোদ
বিছানায় ভালবেসে
মেপে মেপে চলা জীবনের পথ
ভাবনায় মিলেমিশে ।
ভালবাসামাখা কথা বিনিময়
চেনা পরিচিত খেলা
নাচে নিয়তি চোখের কাজলে
ঝরিয়ে অশ্রুমেলা ।।