কলমি লতার/ শাকের পাকোড়া বা বড়া
সুলেখা ভান্ডারী,
কসবা, কলকাতা
কমবেশি আমরা সকলেই তো নানারকম পকোড়া বা বড়া খেয়েছি। আজকে আমি একটু
অন্যরকম অন্য স্বাদে মনোমুগ্ধ করা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম কলমি
লতার বড়া। খুবই সুস্বাদু যা একবার খেলেই বার বার খেতে ইচ্ছা করবেই করবে।
কি শুনে তাহলে নিশ্চয়ই মুখে জল চলে এলো? চলুন তাহলে আর দেরি না করে ঝটপট
বানিয়ে ফেলি মনোমুগ্ধ করা কলমি লতার বড়া।
উপকরণ -
১ আঁটি কলমি শাক
১কাপ পেঁয়াজ কুচি
১চা চামচ ধনেপাতা কুচি
১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
১ চা চামচ রসুন কুচি
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ কালো জিরে
স্বাদ মত লবণ
১/৪ চা চামচ চালের গুঁড়ো
১কাপ সাদা তেল ভাজার জন্য
বড় কাপের ১কাপ ভেজানো ডাল বাটা
কিছুটা পরিমাণে ভেজানো গোটা ডাল
রান্নার নির্দেশ সমূহ-
১. কলমি শাকের গোড়াগুলো বাধ দিয়ে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জলে
ধুয়ে নিতে হবে। জল ঝরে গেলে সেগুলি কুচি কুচি করে কেটে নিতে হবে।
২. তারপর একটা পাত্রে কুচনো কলমি শাক, ডাল বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা
কুচি, রসন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কালো জিরে, চাল গুড়ো ও
স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে নিতে হবে।
৩. গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। ভালো করে তেল
গরম হলে মিডিয়াম আঁচে পাকোড়া বা বড়া গুলো গোল গোল করে ভেজে নিতে হবে।
৪. ব্যস তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে বানানো মনমুগ্ধ করা কলমি লতার
বড়া। এবার গরম গরম পরিবেশন করুন দুপুরে ভাতের সাথে কিংবা বিকালে চা বা
কফির সাথে। খেয়ে কিন্তু ভুলবেন না জানাতে কেমন লাগলো।