গোপনসূত্র
কৌশিক সেন,
নিউ-দিল্লি
চাঁদে ছিল ভাদোটান আড়ভাঙা রুটি
আসলে সে শ্লোক নয়, নিটোল চুরুটই
কতটা চাঁদের আলো গুনে রাখে খড়
বুকের শ্লেষ্মা জমে রত্নআখর।
খরবায়ু নিদানের ভারি পরিপাটি
জিরজিরে বুড়োহাড়ে লৌহকপাটই
আঁটি ভেঙে শাঁস নয়, খাঁটি গরুদুধ
প্রতি বুধে বিঁধে যায় পীড়ার আয়ুধ
বঁধুয়া আমার নয় আনবারি গাথা
আমি শুধু জানি আর ক্রিস্টি আগাথা।।
ফাল্গুনের রোপওয়ে
কৌশিক সেন,
নিউ-দিল্লি
তারে তারে আঁকা ভাবনার যত লোক
সুরেলা আকাশে কুসুম কুসুম জল
আলো দেখে দেখে পুড়ে যায় যদি চোখ
দূরে দূরে গাথা, পাইনের জঙ্গল।
চিনারের ফাঁকে আরও আরও কিছু পথ
কুহকে ঘুমায় প্রপিতামহীর ঘুম
একাকী ও মঠে আলোকিত ত্রিপিটক
রোদ সন্ন্যাসী পাখিদের মরশুম।
নদীরাও জানে পাখিদের পরিভাষা
আলো জ্বলে ওঠা দূরে দূরে কোঠাবাড়ি
নিপুণা আকাশে জড়োয়ার মানতাসা
কুয়াশারা আজও নিগুঢ় স্বপনচারী।
রূপকার মেঘ আপনি ঘুমায় সুখে
ঝর্ণায় নামে সাবলীলতার ঋতু
পাখিদের কথা ফিরে আসে মুখে মুখে
এই ফাল্গুন এখনও হয়নি থিতু।।