কুমারী উমা

চিত্তরঞ্জন মন্ডল,

কলকাতা

দুবছর আগে জন্মাল যে মেয়েটা ফুটপাতে
ভোগ লালসার শিকার সে আজ রাতে
রক্তে ভেসে যায় ঘামগন্ধ ছেঁড়া জামা
যন্ত্রনায় কুঁকড়ে যায় অপাপবিদ্ধ ছোট্ট শরীর
মরনের সাথে যুদ্ধ করে জন্মানোর অপরাধে।
মেয়ে উমার আগমনে অঢেল সমারোহ
কুমারী পূজা করে পাপস্খলন করি
তারপর ফুটপাতের উমাকে
জ্বলন্ত চিতায় তুলি।
ঢাক ঢোল তাসা বিসর্জনের কত বাজনা
কারা নাকি বলছে সদা আনন্দে থাকো
যা কিছু দেখছো, শুনছো,
সবই চক্রান্ত ষড়যন্ত্র
একেবারে সাজানো ঘটনা।
মান যায় যাক, টাকা যায় যাক,
সব যাক আমার
পারিষদবর্গ নিরাপদে দুধে ভাতে থাক।
ধরনীর বিশাল আকাশ, নির্মল বাতাস
দুগ্ধপোষ্য শিশুর কাছে অপাংতেয় আজ
তবু চুপ করে থাকে বিদগ্ধ সমাজ।
ভিড় ট্রাম বাসে বাদুড় ঝোলা ঝুলছি
আই পি এল নিয়ে করছি চিল চিৎকার
বস্তিতে বস্তিতে আগুন -
লাগিয়ে দিচ্ছে যেন কারা
এ সব নিয়ে ভাবার সময় কোথায়
ভাবনা শুধু কবে বাড়ছে ডি, এ-
কবে দেবে এরিয়ার।