লাঞ্ছনায় নারী

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

লাঞ্ছনা আর বলাৎকারে দেশটা গেল ভরে
আজ সমাজের সভ্যতাটা প্রচন্ড নড়বড়ে
ঘরে-বাইরে মাতৃজাতির সরব অপমান
শিক্ষিত আর অশিক্ষিতের এক‌ই অবস্থান ।

মুখেই বড়ো কথা --- মনে নিকষ অন্ধকার
সমাজ কোথায় মানলো আজো নারীর অধিকার
ভোগ্যপণ্য রূপে নারী জন্ম দেবার যন্ত্র
পুরুষ শাসিত বিশ্বে তাই এমন সমাজতন্ত্র ।

নারীর বলো, কোথায় অতীত এবং ভবিষ্যৎ
অধিকার‌ও নেই যে তাদের দেবার মতামত
স্বাধীনতা দিলেই নারী হবে স্বেচ্ছাচারী
সুযোগ পেয়ে নির্যাতনের মাত্রা বাড়াবাড়ি ।

প্রকাশ করতে নারীর বাধা নিজের পছন্দ
গৃহবন্দী দশাতে তার সুখ ও আনন্দ
স্বাধীনতায় যদি নারী স্বাবলম্বী হয়
পুরুষকে আর মানবে কি সে সমাজের এই ভয় ।

কেউ শোনে না লাঞ্ছনাতে নারীর আর্তনাদ
বরং বিপদ ডেকে এনে রাখে পেতে ফাঁদ
নারী সেতো কন্যা, জায়া জননী সবাই জানে
তবু সমাজ তার‌ই ওপর নানা আঘাত হানে ।