লোভ
শুভজিৎ মান্না,
দক্ষিণ ২৪ পরগনা
ছুটছে মানুষ নাভিশ্বাসে অর্থ পিপাসায়,
অসীম কারো আশা কিংবা মিথ্যা হতাশায়,
কৈশোরেতেই নির্বাচিত কেমন জীবিকা,
তখন থেকেই মাথায় ভরা অর্থ লোভের পোকা।
শৈশব আজ যন্ত্রে বন্দী মোবাইল আর টিভি-
প্রাপ্তরাও কম কিসে যায়; -নেট দুনিয়ার লোভী,
এদিন সেদিন হিসাব যদি করতে দেওয়া যায়
চ্যাটার্ডদেরও ঘুরবে মাথা- মিথ্যা অধ্যাবসায়,
ঝোপ ঝাড়েতে লুকোচুরি, বউ বাসন্তী খেলা-
এ নামগুলো থাক না এখন ডিকশনারিতেই তোলা!
আধুনিকের জাঁকজমকে শৈশব আজ কাঁদে
সবাই মিলে পা রেখেছি অগ্রগতির ফাঁদে,
নিজের কাছে যা আছে সব; নাইকো তাতে সুখ
পরের আছে আমার বেশি?- তাতেই ফাটে বুক।
সেই অতীতে ফিরতে হবে- কি জানি কোন মন্ত্রে!
মানুষ এখন রোবট শুধু লোভের পেশাই যন্ত্রে!
অনেক কিছু চাই আমাদের- নানান ষড়যন্ত্রে -
মানুষ এখন রোবট শুধু -পেশাই লোভের যন্ত্রে।।