মিড ডে মিল
স্বর্নেন্দু সাহু,
নিউ-দিল্লি
বলি ও মাস্টার কর সত্যি বিচার
মম গুণে কর ফেল,
ব্যাস একবার শুধু এইবার
না হলে পাঠাও জেল।
চাওনি কখনো জানতে এখনো
আমি কেমনে আছি,
পড়া না হতে দুমদাম দিতে
ছিঁরে নিয়মের কাছি।
বললাম; বিনতি করি কত ওই গতবারের মতো
আমার ফেল হওয়া দরকার,
বললে; নিয়মেই পাস নেই কোন আশ
ফেলের সরকারি অধিকার।
তুমি নাকি বল নিয়মেই চলো
নয় একি বাড়াবাড়ি!
দুইবার ফেলে বলে তো সকলে
এ নিয়ম সরকারি।
নিয়মের পাশ এ কি সর্বনাশ!
বলি আমি মনে মনে -
খিদের ওই জ্বালা নয় ছেলে খেলা
যার হয় সেই জানে।
নিয়ম সরকারি জানা দরকারী
যার ছেলে আটে পড়ে,
আজও গরিব যে, ধনী কি হবে সে
আজ রাতে জোর করে?
পড়ি না তো ছাই শুধু খেতে যাই,
ডাল ভাত পুরি তরকারি,
আট পাস হলে পাবো কি তাহলে
মিড ডে মিল সরকারি?
পাস করা চাই, করে চেষ্টা সবাই
আমি খুশি হলে ফেল,
আট পাস হলে পাবোনা তো ভুলে
সরকারি মিড ডে মিল।
মনা দিদি বলে ভয় কিরে ছেলে
আমি আছি তোর পাশে,
যত খুশি খা পাস হয়ে যা
গোপনে খাওয়ায় হেসে।
দেখিতে ফুরায় বছর ঘুরায়
ভবিষ্যৎ দেখিস স্পষ্ট
আমি সাধারণ নীরব উদাহরণ
আর নেই কোন কষ্ট।
হোক লক্ষ্য অটুট, বোম ফাটে ফাটুক
রোজ আশা চাই স্কুলে,
সবই যা দরকার দেয় তা সরকার
আর পেট ভরি মিড ডে মিলে।।