মনের কথা

অরুন্ধতী পুরকাইত ,

পোর্ট ব্লেয়ার, আন্দামান

কার কাছে কই মনের কথা বুকে চেপে রই মনের ব্যাথা
পাইনা আমি একজনকেও আচিন দেশের পথের বাঁকে,
খুঁজে ফিরি সারাক্ষন; যে জন আমার নিজেরজন,
মনের কথা কয়ে যারে হালকা হই, সেই আপনজনাকে!

উড়তে ইচ্ছা করে আমার পাখির মত হয়ে
হাসতে ইচ্ছা করে আমার ফুলের সুবাস বয়ে।
ফিরে যেতে ইচ্ছে করে ছোট্ট বেলাটিতে
যেথায় নাই কোনো দুঃখ, নাইকো ব্যাথা নাইকো ভাবনা
ছিলেম যেথায় সবাই রাজা খেলার সাথি মিলে
যেথায় আমরা সবাই প্রজা মেতেছি হৃদয় খুলে,
মোরা সবাই মিলে গেয়েছি গান নেচেছি হেলে দুলে.
কোকিলের ওই কূজন শুনে উঠেছি ঘুম থেকে
খেয়েছি মোরা একথালাতে ভাত-পান্তা মেখে।

দুপুরবেলা আমড়া মাখা নয়তো কুলের আচার
বিকেলবেলা লুকোচুরি হইহুল্লোড় মাচার।
তালপাতার পতিঙ্গা করে হাওয়ার বেগে ধাওয়া
সন্ধ্যে হলে বাড়ির পথে এক সাথে সব যাওয়া।
পড়তে বসে ঢুলতে ঢুলতে বইয়ের উপর হুড়ুম
কোন স্বপ্ন রাজ্যে ভেসে যেতাম; পিঠের উপর দুড়ুম।
ছুটে যেত ঘুমের ঘোর, চমকে উঠে দেখি
অগ্নি মূর্তি দাঁড়িয়ে বাবা, হাতে কঞ্চি নাকি!

বাবা ফিরতো দিনের শেষে কর্মক্ষেত্র থেকে
মা করতো গৃৎকর্ম আপন হাতে একে একে।
খাবার খেতাম সবাই মিলে চ্যাটাই পেতে বসে
মা বলতো ভালো করে খাও,
তোমাদের সব জীবন পথে ছুটতে হবে কষে।।