মন পাগল
স্বাতী নাথ,
বর্ধমান, পশ্চিমবঙ্গ
আমি নই কোনো নামজাদা কবি
নিতান্তই নগন্য ভাবুক মনের ভবঘুরে
যার মন চলে যায় শাল পলাশের জংগলে
কখনো কৃষ্ণচূড়া রাধা চূড়ায় ঢাকা পথ দিয়ে
দামোদরের তীরে বালি হাঁসদের সাথে।
অস্ত রবির মৃদু আলোর রক্তিম আভায়
জানালার ধারে প্রিয়ের অপেক্ষারত
কোনো সুন্দরী রাজকন্যাও নই আমি,
আমি দিগন্ত বিস্তৃত আকাশে ভেসে বেড়াতে চাই,
শঙ্খচিলের মতো উড়ে বেড়াতে চাই
গ্রাম বাংলায়, যেখানে ভোরবেলা কোনো বধূ
গোবর জলের ছিটে দেয় উঠানে,
শাঁখের ধ্বনিতে মুখরিত হয় বাংলার গ্রাম,
নদীর জলে ঝাঁপ দিয়ে স্নান করে শিশুরা,
সেই দামোদরের বালি হাঁসদের সাথে ভেসে যেতে চাই
এক গ্রাম থেকে আর এক গ্রামে
রাতে যেখানে শোনা যায় কীর্তনের সুর
লক্ষ্মী পেঁচা হয়ে শিমূলের ডালে বসতে চাই
কখনো পাকা ধানের শীষে র মিষ্টি গন্ধ
নতুন ধানের পিঠে পুলির দেশে চলে যায় মন
শিলাই, কাঁসাই এর দেশে লাল পলাশের রঙ
আর মাতাল করা মহুয়ার গন্ধে
বুঁদ হয়ে থাকতে চায় মন,
সাথে ঝুমুর গানের তালে ধামসার বোল,
আর মেঠো বাউলের সুরে গলা মেলাই কখনো,
তাই আমি সুনীল, শঙ্খ সুবোধ নই
আমি গ্রাম বাংলায় ভেসে বেড়ানো এক সুদর্শন।