মশালা পুলি পিঠে
মনিকা পুরকাইত,
পোর্ট ব্লেয়ার, আন্দামান
অনেকেই মিষ্টি খেতে পারেন না বা মিষ্টি খাওয়া বারণ থাকে, তাই বলে কি
শীতের দিনে পিঠেপুলি খাওয়া থেকে বিরত থাকা যায়! তাই সেই সব লোকেদের
জন্য থাকলো একটি স্পেশাল পিঠের রেসিপি। বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই
খেতে ভালো লাগবে।
উপকরণ:-
500 গ্রাম আতপ চালের গুঁড়ো
স্বাদমতো নুন
250 গ্রাম খেসারি ডাল
স্বাদমতো চিনি
1 চা চামচ আদা বাটা
স্বাদমতো লঙ্কা গুঁড়ো
1/2 চা চামচ জিরা গুঁড়ো
পরিমাণ মতো সরষের তেল
এক চামচ গাওয়া ঘি
রান্নার নির্দেশ সমূহ
প্রথমে উনান জেলে কড়াইতে সরষের তেল পরিমাণমতো দিয়ে ডাল টা দিয়ে ভালভাবে
নেড়ে নিন। তারপর পরিমাণমতো জল দিন। ডাল সেদ্ধ হয়ে জল মরে এলে আদা বাটা,
লঙ্কা গুড়ো, জিরা গুড়ো এবং চিনি দিয়ে ভাল করে কষিয়ে নিন। চাইলে আঁচ থেকে
কড়াইটা নামানোর আগে এক চামচ দেশি গাওয়া ঘি ছড়িয়ে দিন। তারপর নামিয়ে
নিন।
তারপর চালের গুড়ো, নুন আন্দাজমতো দিন। তারপর গরম জল পরিমাণমতো দিয়ে ভাল
করে মেখে ডো তৈরি করুন।
অথবা ফুটন্ত লবণ জলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে
নেড়েচেড়ে একটি মণ্ড তৈরি করে দশ মিনিট ঢেকে রেখে দিন।
১০ মিনিট পরে অল্প ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাতের তালুর চাপ দিয়ে মসৃণ
করে মেখে ডো বানিয়ে রাখুন।
তারপর ডো থেকে লেচি কেটে বাটির মতো খোল করে তৈরি করে রাখা ডালের পুর ভরে
মুড়ে পুলি বানিয়ে নিন ভাল করে। তারপর হাঁড়িতে জল গরম করে ছিদ্র করা
থালায় পিঠেগুলি দিয়ে ভালভাবে ঢেকে 10 মিনিট ভাপিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে
যাবে ডাল ভরা পুলি পিঠে।