মা
অনিল সামন্ত,
দক্ষিন রামনগর, দঃ২৪ পরগনা।
মা মানেই রূপকথার গল্প
মা মানেই নির্মাণ, নির্বিকল্প।
মা মানেই স্নেহের আঁচল।
মা মানেই কাছে পাওয়া
একমাত্র সম্বল।
মা ডাকেই শান্ত ঝড়-বৃষ্টির রাত,
মা মানেই মাথায় বুলানো হাত।
মা বুলিতে জুড়ায় প্রাণ,
মা মানেই আমার মান।
মা মানেই আপাদমস্তক মা,
টিপ-আলতা আঁকা।
মা মানেই মাথা ঠান্ডা রাখা।
মা মানেই মমতা, অভয়, ভরসা
-এই তিন:
মা মানেই আশা পূরণের জিয়ন কাঠি
-আচ্ছে দিন।
মা মানেই শুশ্রুষার হাত;
মা মানেই উঠান নিকানো স্নিগ্ধ প্রভাত।
মা মানেই সকাল-সন্ধ্যা
শঙ্খ বাজিয়ে শুরু
মা মানেই শান্তির বারি সিঞ্চন,
আমার প্রথম গুরু।
মা মানেই কল্যাণময়ী।
আমার সকল বায়না
মা মানেই পরশ পাথর
আমার মনের আয়না।
মা মানেই ঠাকুরের কাছে শুভকামনা,
মা মানেই যাঁর পরিবেশনে শান্ত ও তৃপ্ত রসনা।
মা মানেই শুভ সন্ধ্যায়
তুলসীতলায় মঙ্গলদীপ জ্বালি।
মা মানেই সহনশীলতা, সর্বংসহা
চরণে নয়ন রেখে শ্রদ্ধায় অঞ্জলি।
মা মানেই জিততে জিততে, হেরে গেলেও
পাশে তিনি একমাত্র মা,
মা মানেই আঁচলের খুঁটে মুখ ঢেকে
অবুঝ বোবা কান্না।
মা মানেই স্নেহ পারাবার অপার করুণা,
মা উচ্ছ্বাসহীন বাঁধভাঙা সান্ত্বনা।
মা মানেই বুক নিঙড়ানো আশীবার্দ,
মা মানেই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো
মা মানেই আবার জয়ের স্বাদ।
মা মানেই মান অভিমান,
স্নেহের সংবিধান।
মা মানেই নাড়ীর অমোঘ টান,
দেবতার দান।
মা মানেই রোগ নিরাময়
নেইকো মৃত্যু, নেইকো জরা,
মা মানেই অগাধ জলদি
শীতল করুণাধারা।
মা মানেই তিলে তিলে বেড়ে ওঠা
হাজার মাণিক্য খনি।
মা মানেই ভুবন ভরানো হাসির বরজ
আমার জীবন, আমার শপথ, আমার বাণী।
বন্ধু
অনিল সামন্ত,
দক্ষিন রামনগর, দঃ২৪ পরগনা।
বন্ধু মানেই প্রাণ, বন্ধু মানেই জান,
বন্ধু মানেই আস্থার আশ্বাস।
বন্ধু মানেই জীবনকে কাছে শাওয়া,
বন্ধু মানেই ভালবাসার- এক অগভীর বিশ্বাস।।
বন্ধু মানেই ওৎ পেতে থাকা,
বিনা খোঁজে খোঁজ রাখা;
বন্ধু মানেই পায়ে পায়ে পথ-হাঁটা,
মেখে চোখ রেখে চোখ মেলে দেখা।
বন্ধু মানেই হাদয়ে পাঠশালা
দু'দন্ড বিশ্রাম।
বন্ধু মানেই অমরসঙ্গী বিরলে বিরাম।
বন্ধু মানেই বিশুদ্ধ বাতাসে
শ্বাস দেওয়া-নেওয়া
বন্ধু মানে মনের অলিন্দে
শাস্তির খোঁজ পাওয়া,
বসন্তের বনে খুশির আমেজে
মাতাল হিমেল হাওয়া।।
বন্ধু মানেই আদান-প্রদান
বুকের কুঠুরীতে লাগে ঢেউ,
বন্ধু মানেই মিলনে-বিরহে
ভুল-ঠিক চাবি নিয়ে তালা খোলে কেউ।
বন্ধু মানেই ভেঙে যাওয়া বুকে
নুতন আলোর কণা।
বন্ধু মানেই প্রেরণা বাঁচার
জীবনে জমিছে দেনা।।
বন্ধু মানেই কাটবে বিপদ
বিভেদ ও সর্বনাশ,
বন্ধু মানেই মত্ত হাতির বল,
তিমির-বিনাশী আলোকের প্রকাশ।
বন্ধু কোনো ব্যক্তি' নয়
যুগে যুগে পরিব্যাপ্ত।
বন্ধু সকল আলোক-আঁধারে বিরাজে বিহারে
শাশ্বত এক সনাতন সত্য।।