মৃত্যুর সাথে সন্ধি করিনি আর

উজ্জ্বল দাস,

কোলকাতা

মৃত্যুর সাথে সন্ধি করিনি আর।
বিষ পেয়ালায় ভিজিয়েছি ঠোঁট
চুমুকে চুমুকে গিলেছি গরল-
ফিনকি দিয়ে রক্তটা আর,
বেরোয় না বারবার-
তবু মৃত্যুর সাথে সন্ধি করিনি আর।।

চলকে পড়া ইচ্ছেগুলোকে ছড়িয়ে দিয়েছি রোজ
ভাঙা টুকরোর সন্ধান নেই-
করেনিকো কেউ খোঁজ।
আড়াল থেকে তবুও মৃত্যু এসেছিলো বারবার
তবু তার সাথে সন্ধি করিনি আর।।

বহুবার ঝড়, এসেছে দুয়ারে
তছনছ করা সার।
হাতে তাস নিয়ে, রংমিলান্তি খেলে
জিতেছি হাজারবার।
তবু তার সাথে সন্ধি করিনি আর।।

হাজারো শব্দে নিশ্বাসে বিষ
ছড়িয়ে দিয়েছে ত্রাস।
ঘনঘন শ্বাস বেড়েছে ক্রমশ
হেনেছে সর্বনাশ।

সন্ত্রাস পথে মুখোমুখি হয়ে
রুখেছি কিছুটা গ্রাস।
শেষমেষ বুঝে হটেছে সে পিছু
করেছে অস্থিসার।
তবু তার সাথে সন্ধি করিনি আর।

নিকষ কালো অন্ধকারেও
রাঙিয়েছে তার চোখ,
মায়াবিনী বুঝে কাটিয়ে উঠেছি
হয়নি সে সার্থক।
কালো আঁধারেও দাবানল জ্বেলে
তাতিয়ে নিয়েছি মন,
তবু হে মৃত্যু নিয়েছিলো পিছু
ঘুরেছে সারাক্ষন।।
আধো আধো ঠোঁটে জড়ানো গলায়
করেছি তিরস্কার।

তবু মৃত্যুর সাথে সন্ধি করিনি আর।।