চটপটা মশলা পনির
অনুসূয়া কোটাল,
উজ্জয়িনী, মধ্য প্রদেশ
নমস্কার বন্ধুরা, আমি অনুসূয়া কোটাল, মধ্যপ্রদেশের মহাকাল নগরী
উজ্জয়িনীতে বসবাস করি। আমরা বাঙালিরা সবাই আমিষ খেতে খুবই পছন্দ করি
কিন্তু কখনও কখনও নিরামিষ পদ সুন্দর করে রান্না করলে খারাপ লাগে না। আর
সেটা যদি হয় পনিরের কোন রেসিপি তাহলে মন্দ হয় না।
তাহলে সময় নষ্ট না করে শুরু করছি সেই পনিরেরই নতুন একটি রেসিপি, যার নাম
"চটপটা মশলা পনির"
উপকরণ
আধা কিলো পনির
মিহি করে কুঁচোনো তিনটি বড় পেঁয়াজ
দুটি টমেটো কুচি
একটি পেঁয়াজ হালকা করে বাটা
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১/৪ চামচ গোটা জিরে
৪ টি গোটা শুকনো লঙ্কা
২টি তেজপাতা
৬টি গোটা লবঙ্গ
২ টুকরো ডাল চিনি
৪ টি ছোট এলাচ
২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
৩ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
২ টি কাঁচা লঙ্কা কুচি
পরিমাণ মতো ধনেপাতা কুচি
২ চা চামচ কসৌরী মেথি
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/৪ চা চামচ চিনি
পরিমাণ মতো সাদা তেল
পরিমাণ মতো ঘি
স্বাদ অনুসারে লবণ
গুঁড়ো গরম মসলা
চিকেন মাসালা
রান্নার পদ্ধতি :-
প্রথমে পনির গুলোকে একটু বড় বড় করে চৌকো করে কেটে নিতে হবে।
তারপর
কড়াইতে প্রথমে বেশ কিছুটা সাদা তেল দিতে হবে, এরমধ্যে কিছুটা ঘি দিতে
হবে। তেল এবং ঘি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে লবঙ্গ, ছোট এলাচ, ডাল
চিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু অপেক্ষা করতে হবে, যখন
একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে
নাড়তে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ টা চলে যাবে তখন ওর মধ্যে পেঁয়াজ
কুচি তুলে দিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে
পেঁয়াজ বাটা টা দিয়ে দিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে
যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে
গেলে এর মধ্যে টমেটো কুচি তুলে দিতে হবে এবং ভালো করে নাড়তে হবে। টমেটো
দেওয়ার একটু পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ যাতে টমেটো টা
তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইবার টমেটোটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে
তখন এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার
গুঁড়ো ধনিয়া পাউডার অল্প একটু পানির মসালা, একটু চিকেন মাসালা আর একটু
গুঁড়ো গরম মসলা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এই সময় সামান্য একটু জল দিতে হবে, যাতে মাশলা গুলো পুড়ে না যায়।
গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত মসালা
থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়াই-এর মধ্যে সমস্ত মসলা ভালো করে
নাড়াচাড়া করতে হবে।
এইবার কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। তবে এই রান্নাটা খুব একটা ঝোল
ঝোল হয় না, একটু মাখামাখা টাইপের হয়।
ঝোল ফুটে উঠলে কেটে রাখা পনিরের টুকরো গুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং
একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এইবার এর মধ্যে আরও একটু
গরম মাসালা, পনির মাসালা, আর একটু চিকেন মাসালা দিয়ে দিতে হবে।
উপর থেকে ধনেপাতা কুচি এবং কসৌরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে।
নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে দিতে হবে এবং সবজিটাকে ঢাকা দিয়ে রেখে
দিতে হবে ১০ মিনিট। আপনারা এই সবজিটা গরম গরম পোলাও, রুটি, নান, পরোটার
সাথে খেতে পারেন। এতে খুব ভালো লাগে।
আশা করি বন্ধুরা আপনাদের এই পনিরের রেসিপিটা ভালো লাগবে। আপনারা বাড়িতে
অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে
জানাবেন।
ধন্যবাদ।