পনিরের পায়েস
বাপ্পাদিত্য গুড়িয়া,
নতুন দিল্লি
উৎসবে অনুষ্ঠানে জন্মদিনে পায়েস তো আমরা প্রায়ই খাই, এই যেমন ধরুন
গোবিন্দভোগচালের পায়েস, সেমাইয়ের পায়েস, ছানার পায়েস, ইত্যাদি। আসুন
একটু নতুন ধরনের পায়েস আমরা শিখে নিই। অনেকেই মনে করেন চাল বা সিমুই
ছাড়া শুধুমাত্র ছানার পায়েস করা যায়, তা কিন্তু একেবারেই সঠিক নয়।
বাজারের কেনা পনির দিয়েও কিন্তু সুন্দর পায়েস করা যায়। অনেকের কাছে
ছানার পায়েস বানায়াটা অনেক ঝামেলার ব্যাপার। অনেকে আবার ছানা কাটাতেও
পারেন না ঠিকভাবে, অনেকের কাছে মনে হয় ছানা তৈরি করাটা একটা বিশাল
অলসতার ব্যাপার কিন্তু বাজার থেকে কিনে আনা পনির দিয়েও বেশ সুন্দর
পায়েস রান্না করা যায়। অনেক কম সময়ে আর বাড়িতে থাকা কিছু উপকরণ
দিয়েই তৈরি করে নেওয়া যায় পনিরের পায়েস। আসুন আজ সেটাই শিখিয়ে দিই
আপনাদেরকে।
উপকরণ:
দুধ- ১ লিটার
পনির- ৩০০ গ্রাম
ছোট এলাচ- ২-৩টে
কনডেন্সন্ড মিল্ক- ৩-৪ চামচ ( অপশনাল )
গুঁড়ো দুধ- ২ টেবিল চামচ
এক চিমটে নুন
ঘি- ২ চা চামচ
চিনি- স্বাদমতো
প্রণালী:
প্রথমে অর্ধের পনির গ্রেট করে নিন। বাকি অর্ধেক ছোট ছোট টুকরো করে ঘিয়ে
ভেজে তুলে রাখুন। দুধ জ্বালে বসান। দুধ ফুটে উঠলে তার মধ্যে ছোট এলাচ,
গুঁড়ো দুধ গোলা আর সামান্য নুন মিশিয়ে দিন। বাকি সব উপকরণ একে একে দিয়ে
দুধ ফুটতে দিন। দুধ কিছুটা শুকিয়ে ঘন হয়ে এলে তার মধ্যে গ্রেট করা এবং
ভেজে রাখা পনির দিয়ে দিন। ইচ্ছে হলে বা বাড়িতে থাকলে এর মধ্যে একটু
কন্ডেন্সেড মিল্কও দিয়ে দিতে পারেন। আর চিনিও দিন পরিমাণ মতো।
এ বার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে এলে নামিয়ে নিন। তৈরি
হয়ে গেল আমাদের পনিরের পায়েস। একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিন।
খাবার আগে পায়েশ ফ্রিজ থেকে বের করুন এবং সার্ভ করুন। ঠান্ডা পায়েস খেতে
দারুণ লাগবে।