পরিপূরক
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
হাসি খুঁজতে পথ হারালাম ।
ভ্রান্তিবশতঃ ঢুকে পড়েছি,
অজানা অদ্ভুত অরণ্যে
কল্পনার অতীত ....
গাছপালারা যেন বিগত এক একটা ঘটনা ও ব্যক্তির
জীবাশ্ম হ'য়ে দন্ডায়মান
সবাই নীরব, মূক !
ওদের চিনতে পেরে পুরনো
ঘটনাগুলো চাড়া দিয়ে উঠলো
বেশীর ভাগই বেদনায় নিষিক্ত !
একটা গুহার ভিতর থেকে
আওয়াজ এলো
---ভিতরে এসো, এখানে পাবে হাসিকে, আনন্দের ঠিক পাশে
কিন্তু, আনন্দ নেই । এখানে তার আসন খালি
গেলাম আরো ভিতরে
শুনতে পেলাম --- এটাই তোমার হৃদয়গুহা
সেকি, আগে তো দেখিনি !
জবাব এলো --- দেখবে কেমন ক'রে
আগে কি কখনো খোঁজ করেছিলে ?
হাসিকে পেতে হলে, আগে আনন্দকে খোঁজ
এরা একে অপরকে ছেড়ে
থাকতে পারে না --- বুঝলে ?
পরিণাম
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
বিষের নেশার প্রভাবে জীবন
উঠেছে ভীষণ ফুলে
হাজার চেষ্টা যাবে নিষ্ফল
ডুবে যাবে তরী কূলে ।
জীবনের সব হয়ে গেছে শেষ
মোহ নেই অবশিষ্ট
ভোগ বিলাসে এসেছে অনীহা
স্বভাবে আমি অশিষ্ট ।
প্রথমাবধিই ভুল পথে পা
বাড়িয়েছি যৌবনে
শুনিনি কারোর মানা, আজ
তাই ভোগান্তির উপবনে ।
অমৃত আর জোটেনি কপালে
খুঁজেছি হন্যে হয়ে
নইলে কি হত এমন দশাটা
দেহ ও জীবন ক্ষয়ে ?
প্রস্তুত আমি দিতে বলিদান
জীবন সমর্পনে
অসহায়, ক্ষত বিক্ষত আজ
বিবেকের অঙ্গনে ।
বাল্যকালের সরল জীবনে
যদি যাওয়া যেত ফিরে
নতুন ক'রে আট-ঘাট বেঁধে
চলতাম ধীরে ধীরে ।