পুঁই পাতায় রুই মাছের পাতুরি

সুমনা মুখার্জী,

কলকাতা

এমনিতে পাতুরি বললে কলাপাতায় মোড়া ইলিশ বা ভেটকি পাতুরির কথাই মাথায় আসে। তবে পুঁই পাতায় মুড়েও অসাধারণ স্বাদের পাতুরি বানানো সম্ভব আর সেটা কাতলা বা রুই মাছ দিয়েই।

উপকরণ
৪ টুকরো কাতলা মাছ
২ টেবিল চামচ সর্ষে
১ টেবিল চামচ পোস্ত
২ টেবিল চামচ কাজু বাদাম পেস্ট
কাঁচা লঙ্কা পেস্ট
৪ টি কাঁচা লঙ্কা চেরা
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
সামান্য চিনি
৪ টেবিল চামচ সর্ষের তেল
৪ টি বড় সাইজের পুঁই পাতা

রান্নার নির্দেশ সমূহ

1
রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ১৫ মিনিট রাখুন।

2
সর্ষে, পোস্ত, কাজুবাদাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিন। তারপর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, হলুদ গুঁড়ো, ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে মাছ গুলোর গায়ে মাখিয়ে আধ ঘণ্টা রাখুন।

3
পুঁই পাতা গুলো ধুয়ে জল ঝরিয়ে রাখুন। তারপর একটা মাছের টুকরো একটা পাতায় রেখে সাবধানে মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন।

4
কড়াইতে ১টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে এক চিমটে লবণ দিন। তারপর পাতুরি গুলো দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। ২মিনিট পর ঢাকনা খুলে একবার উল্টে দিন।

5
১৫-২০ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে পাতুরি গুলো ভালো করে ভেজে নিন। পুঁই পাতা গুলো কালচে হয়ে আসলে জানবেন পাতুরি গুলো হয়ে গেছে।

6
এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুঁই পাতায় রুই মাছের পাতুরি। মাছের সঙ্গে সঙ্গে পুঁই পাতাটাও গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগে।