শহরতলী
কৌশিক সেন,
নিউ-দিল্লি
নদী ঘন হলে পৌঁছে দিয়েছি জল
বিষাদের মাটি, প্রসূতি হয়েছে কৃষি
অববাহিকায় ঊর্বরা অঞ্চল
অদূরে বিষাদ, বিশ্বশ্রবা ঋষি।
পদ্যর মত জনপদ ঘেরে বায়ু
পুরনহবতে বিবাহমন্ত্র বাজে
মন্তাজে বাড়ে নাগরিক পরমায়ু
চাঁদ গলে যাওয়া মাধুকরী এস্রাজে।
ঘন বটছায়া চিরায়ুধ যূথচারী
প্রীতিপরিমল সম্মুখগামী রথে
আলো আঁধারিতে মৃদু মৃদু ঘরবাড়ি
দূরে ইস্কুল, সাইকেলচলা পথে।
তবু নদী বয়, পার্বণ এলে নটি
বিরহের দেশে মধুঋতু বদলায়
ঋষিধ্যানে জাগে পল্লবী মেঘতটই
বনবিথী আজও শহরের দিকে যায়।।