শাহী চিকেন কাবাব উইথ স্পেশাল সস
আত্মদীপ মন্ডল,
নবম শ্রেণী, অ্যানি বেসান্ত স্কুল, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা
আমি আত্মদীপ, আমি বয়সে ছোট তাই তোমরা হয়তো ভাবছো আমি আবার কি
রান্না-বান্না করতে পারি? কিন্তু সত্যি বলছি আমি এরকম অনেক ধরনের রান্না
এখনই শিখে গেছি। শুধু এখন বললে ভুল হবে কয়েক বছর আগে থেকেই করছি। আসলে
কি হয়েছে বলুন তো, আমার মা তো স্কুল টিচার বাড়ি থেকে মায়ের স্কুলের
দূরত্ব ও অনেক বেশি। যাতায়াতেই প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। তারপর তো
স্কুল আছেই। তাই সেই সকালবেলা স্কুলের জন্য বেরিয়ে মায়ের ফিরতে ফিরতে
প্রায়ই রাত হয়। তারপরে আলাদা করে মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছে
বা এনার্জি থাকে না মায়ের। আমি সবই বুঝি। আমি কিন্তু খুব লক্ষী ছেলে,
বাইরের খাবার খাই না।
কিন্তু তাই বলে কি নিজের জীভ টাকে সামলে রাখতে পারি!......
তাই স্কুল থেকে ফেরার পরে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেই একটু আধটু রান্নার
চেষ্টা করে যাই। এক একদিন মাকে তাক লাগিয়ে দিই। এত ভালো হয় আমার রান্না
গুলো।
তার মধ্যে থেকে একটি রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি
আপনাদের সবার ভালো লাগবে।
আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া ভাবে শাহী চিকেন কাবাব বানাতে আমাদের কি কি
লাগবে.....
উপকরণ :
মুরগির ব্রেস্ট এর মাংস নিন এবং সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন,
ভালভাবে ধুয়ে একটি পাত্রে রাখুন।
এইবার এতে একে একে
• টক দই
• কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
• চিকেন মসলা
•গরম মসলা
•আদা পেস্ট
• রসুনের পেস্ট
• লবণ (স্বাদ অনুযায়ী)
• গোল মরিচ এর গুঁরো
• হলুদ গুঁড়া
এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাসাজ করার মত করে টুকরো করে রাখা
মাংসের সাথে মেখে নিন।
ভালোভাবে মাখা হয়ে গেলে এবার একটি ঢাকনা লাগিয়ে এটিকে আধা ঘণ্টা ফ্রিজে
রেখে দিন।
যতক্ষণ মাংসটি ফ্রিজের মধ্যে রেস্ট করছে ততক্ষণে আসুন আমরা সসটি তৈরি করে
নিই। ...
সসের জন্য প্রয়োজনীয় উপকরণ:
টমেটো কেচাপ
• সয়াসস (আধা চা চামচ)
• মিহি করে কুঁচানো রসুন
• মিহি করে কুঁচানো কাঁচা লঙ্কা
• ভিনিগার / লেবুর রস (আধা টেবিল চামচ)
এবার সব উপকরণগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালোকরে মিশিয়েনিন।
ফ্রিজার থেকে রেস্টে রাখা চিকেন বের করে তাতে কাবাবের স্টিকগুলো ঢুকিয়ে
গ্যাসে রাখুন। মাঝে মাঝে উল্টে পাল্টে নেয়ার সময় একটু তেল বা বাটার
ব্রাশ করে নিন মাংসের গায়ে।
মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার পর গ্যাসকে হাই ফ্লেমে রেখে মাংসের বাইরের
অংশটা একটু জ্বলা জ্বলা বা পোড়া পোড়া বানানোর চেষ্টা করুন।
তারপর তৈরি হয়ে যাওয়া কাবাবের টুকরো গুলি শিক থেকে ছাড়িয়ে একটি
প্লেটে রাখুন এবং প্লেটের মাঝখানে একটি উত্তপ্ত কয়লা দিয়ে 5 মিনিটের
জন্য ঢেকে রাখুন যা কাবাবে স্মোকি টেক্সচার দেবে।
ব্যাস আর কি........তৈরি শাহী শিক কাবাব!
এর পরে কিছু স্যালাড এবং আগে তৈরি করে রাখা স্পেশাল সসের সাথে গরমা গরম
পরিবেশন করুন।