সম্ভাবনার খেলায়

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

অমায়িক হাসির ফাঁকে
মন লুকিয়ে থাকে,
বাস্তবতার কঠিন রূপ
নীরবতায় ঢাকে ।

প্রশ্ন অনেক --- সমাধান‌ও
লব্ধ তুড়ির সাথে,
যত মত, তত পথের
হাজার রসে মাতে ।

অসম্ভবের বিগলনে
ভীষণ জেদের চাপ,
তরল রূপে প্রাপ্ত প্রথম
মোকাবিলার ধাপ ।

ভাবনা থেকে প্রসূত যে ---
স্বপ্ন নিরুদ্দেশ,
টেকোর মাথায় চুল গজাতে
ব্যর্থ বিনির্দেশ ।

মনের খাতায় অপূর্ণতার
নীরব আঁকিবুকি,
আঘাত দিতে অসমর্থ
শূন্য প্রেমের ঝুঁকি ।

অভাব অভিযোগের মিলন
জীর্ণ কুঁড়েঘরে,
সময় অসময়ের প্রহর
গল্পে বাঁচে মরে ।