শরৎ বাহার

অনিন্দিতা গুড়িয়া ,

নিউ-দিল্লি

শঙ্খচিলের ডানা মেলা
নীল আকাশের গায়
আজকে আমার মনের রঙে
রামধনু ওই ছায়।

আদর মাখা কৃষ্ণ জীমূত
ভাসে অম্বের মাঝে
আবার আমার মন খুশিতে
বৃষ্টি হয়ে সাজে।

তারা ফোটা মধ্যরাতের
গগন শোভা হেরি
মালকোষ রাগ গাইলো যে মন
আবেশ দোলা চড়ি।

নীল নভ মাঝে শুভ্র মেঘ
খেলছে লুকোচুরি
পূজার গন্ধে মেতেছে মন
ভ্রমর সম উড়ি।

বর্ষা শেষে ফর্সা হল
আকাশ বাতাস ধরা
শরৎ রানীর রূপের বাহার
কাশ শেফালী ভরা।।