স্বাধীনতা

স্বাতী নাথ,

বর্ধমান, পশ্চিমবঙ্গ

হাই মা দ্যাখ আইয়ে
তুয়ার লেইগ্যে কি আইনছি
বুইঝতে লারছিস ইট কি
ই ত তিন রঙ্গা কাপ্পড় আছে র‍্যা বাপ
ইট খালি কাপ্পড় লয়
ই হল হামদের দ্যাসের পতাকা
উ আংর‍্যাজ রা হামদের দ্যাসে ছিল লাই
যার লেইগ্যে সিধু কানু লইড়ছিল
উদের ফাঁসি হুঁইছিল
আইজগের দিনে উ আংর‍্যাজ দের তাড়াইছিল
আজ হুঁইল স্বাধীনতা দিবস
সাধীনতা? উট কি জিনিস র‍্যা বাপ?
হাই মা তু ত কিছুই জানিস লাই র‍্যা
স্বাধীনতা মানে এ, লিজের দ্যাসে
লিজের মুতঅ থাকা
লিজের মুত অ সকল কিছু কইরতে পারা
তাই লাকি র‍্যা?
তা উট অ ত অ হামরা পাই লাই র‍্যা বাপ
অখনো ত অ উ বড় লুকেরা
হামদের কে দাবাই রাইখ্যে
হামদের ল্যায্য পয়সা ট ও দ্যায় লাকো
হামরা খাটি উদের ঘর‍্যে জমিন তে
উরা খায় পুলাও কালিয়া
আর হামরা খাই পান্তা আমানি
হামরা খেইট্যে জমিন তৈয়ার করি
রাস্তা বানাই, ধান বুনি, ঝাড়ি
উহার বদলে পাই গালি আর ঘেন্না
হামদের জমিন ট ছিনাই হামদের কেই বঁধুয়া মজদুর বানাইছে
ই কে কি ই সাধীনতা বলে র‍্যা বাপ?
ই পোড়া দ্যাশে মরদ গুলান মিয়াদ্যার সম্মান
দ্যায় লাকো
রাত বিরেতে ইজ্জত লুট্যে, পিত্তিবাদ কইরল্যে
জানবারের মুতো মাইর‍্যে ফেইল্যে,
যেনো উরাই এ দ্যাস ট কে বাঁচাইছে,
সরকার ও চুপ কইর‍্যে থাকে
বড়লুক বাবুদ্যার কাছ থিক্যে পয়সা পাওয়ার লাইগ্যে,
ভুট পাওয়ার লাইগ্যে,
তা ইকেই কি স্বাধীনতা বইল্যে র‍্যা বাপ?
ইবার হামরা মিয়ারাই দিখাবো স্বাধীনতা কাকে বইল্যে,
আওয়াজ উঠানো শুরু কইর‍্যে দিয়েছি
লইড়ত্যে হবেক হামদ্যারকে
ই হামদ্যার ইজ্জত জান বাঁচালের লিগে।