ত্রাণকারী

অনুপ কুমার চট্টরাজ,

দিল্লি।

দিনান্তের বিদায়ে প্রবল বিরহের বেদনা,
নিবিড় তমসায় ভূবাসীর নিরলস প্রার্থনা-
ত্রাণকারী ফিরে এসো |

নিঝুম রজনী, অলোক বীথি, নিশাচরের আগমন,
সুরাসক্ত জনের, ক্ষণে ক্ষণে, বীভৎস উন্মাদন।
পরিশ্রান্ত কায়াতে, গৃহাভিমুখী প্রাণীর তীব্র অভিলাষা-
ত্রাণকারী ফিরে এসো ||

চার প্রহরান্তে, পুনরুত্থান তব, অম্বরের পূর্বপ্রান্তে মৃতপ্রায় জীব,
প্রাণ ফিরে পায়, তোমারই অবলোকনে।
পাঠরত শিশুরা, ব্যস্ত অফিস-বাবুরা, কৃষকেরা চাষবাসে
টুকটুকে আভায়, গৃহিণীর ব্যস্ততা প্রবল অভিনিবেশে ||

জল-ঝড়, হিম আর কুহেলিকায় তুমিই ত্রাণকারী,
তোমার পরশে খিলখিল হাসে,
নানান কুসুমদল ত্রাণকারী ফিরে এসো প্রতিদিন,
হোয়োনা যেন বিফল।।