উদার আলোয়
চৈতন্য দাশ ,
ধুবুলিয়া, নদীয়া
মন যদি হয় জটিল-কুটিল
ধুলো-ময়লা সবখানে,
ফেলবে ধুয়ে সে মনটাকে
সার্ফ, সোডা ও সাবানে।
উঠলে জমে মনের মাঝে
অধিক আবর্জনা,
ধুয়ে নিও চাঁদের আলোয়
মনের কোনা কোনা।
অন্যের ভালোয় হিংসে করে
মন ভরো না বিষ-শ্বাসে,
ফুটুক মনে প্রেমপ্রীতি
অন্যের প্রতি বিশ্বাসে।
হিংসা, নিন্দা, দ্বন্দ্বদ্বিধায়
মন যদি হয় দূষিত,
ভেবে দেখো, অন্যের সুখে
সত্যি তুমি খুশি তো?
উদার মনে অন্যের প্রতি
হতে হলে সদয়
মনের মাঝের ময়লাধুলো
ঝেঁটিয়ে করো বিদায়।
উদারমনা পাখি বসুক
মনবাগানে এসে,
মন শোধরানো গান বাঁধুক সে
মনের ডালে বসে।
দাও ঢেলে ওই সংকীর্ণতার
মনে উদার আলো,
দেখবে তখন অন্যের কাজও
লাগছে তোমার ভালো।।