শব্দ বিভ্রাট
সীমন্তিনী,
আসাম
আজ বিকেলে বেশ একটা মজার ব্যাপার ঘটল । আমার বাড়ির কাজের বৌদি কাজে এসে
বলল "বৌদি গো , ছিঃ ছিঃ , লজ্জার কথা কি বলব গো , ও বাড়ির দাদা বলছে
মেয়ে দে , মেয়ে দে ,কি দিনকাল পরল গো!
মেয়েদের সম্মান বলে কিচুই রইল না গো !!!"
কথাটা শোনার পর প্রথমে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বেশ চিন্তিত স্বরে
বললাম " কে মেয়ে চায়ছিল গো ? "
বৌদি বলল " আর বোল না, পালেদের বাড়ি কাজে গিয়েছিলাম , যে দাদাকে এত ভাল
মনে করতাম সেই দাদা ওই একটা লোক কে বলল , আজ অফিস যাবে না , ছুটি তো
মেয়ে দে । ছিঃ ছিঃ । ভাবছি ওর বাড়ির কাজটা ছেড়ে দেব ।""
মন দিয়ে শুনলাম কথা গুলো , তারপর হাসতে হাসতে গড়িয়ে পরলাম , আমার
হাসির বেগ দেখে বৌদি তো আরও অবাক ।
ভাবল আমি বুঝি পাগল হলাম । বেশ কিছু পরে হাসি থামিয়ে বললাম " ও গো বৌদি!
পাল দা মেয়ে দে বলেন নি , উনি বলেছেন মে ডে , মানে হল শ্রমিক দিবস । "
অবশ্য তার মানে কতটা ঠিক ঠাক বুঝল জানি না , শুধু এতটুকু বুঝল , পাল দা
মেয়ে চান নি , অতএব- ও বাড়িতে কাজটা না ছাড়াই ভাল ॥।