যুদ্ধ

সুভাষ সরকার,

আলিপুর, কলকাতা

একদিন রোবটে রোবটে যুদ্ধ হবে।
একদিন মানুষের সমস্ত মগজ সুকৌশলে
কিনে নেবে পৃথিবীর বণিক-সমাজ।
মৃত্যুর কথপোকথন শুনে মনে হবে
কোন বিয়োগান্ত নাটকের অন্তিম সংলাপ।

যারা যুদ্ধের প্রকৃত কারিগর,
তাদের সাজানো গোছানো বৈঠকখানায়
দেয়ালে টাঙানো অর্ধমৃত শিশুদের উলঙ্গ আর্তনাদ--
নান্দনিক সৌন্দর্যের এক অপূর্ব নির্মাণ,
একবাক্যে বলে উঠবে
যারা সব যুদ্ধ বিশারদ।

একদিন কবিতার মাত্রা গুনে গুনে
ছন্দ মিলিয়ে দেবে যন্ত্রদানবেরা।
ভালোমন্দ শেষকথা তাদের বিচারে।
আমাদের শুধু মেনে নিতে হবে তা'।
কেননা, জৈবনিক যত--মিথ্যে সব, রোবট সম্রাট।
এবং একমাত্র রোবটই শেখাবে প্রেম,
সম্পর্কের অ আ ক খ, বন্ধুতার পাঠ।

এসময় অন্ধ যারা, দার্শনিক।
বুদ্ধি বলে, বাণিজ্যকরণ।
দেশে দেশে সৃষ্টি হবে কতকিছু,
তার বিপণনে বলি হবে মূর্খ যত-
জনসাধারণ।।